রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

কলকাতার স্বপ্নভঙ্গ করে প্লে অফে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক::

মুম্বাই ইন্ডিয়ান্সকে এক প্রকার উড়িয়ে চতুর্থ দল হিসাবে আইপিএলের প্লে অফ খেলা নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নাররা জিতেছে ১০ উইকেটে প্রবল দাপট দেখিয়ে।

আগেই প্লে অফ নিশ্চিত ছিল তিন দল মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর। মঙ্গলবার রাতে লিগের শেষ ম্যাচে মুম্বাইকে হারিয়ে ১৪ পয়েন্ট হায়দরাবাদের। কলকাতার পয়েন্টও ১৪। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় প্লে অফ নিশ্চিত হয় হায়দরাবাদের, আক্ষেপে পুড়েছে গোটা নাইট শিবির।

বুধবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি লড়বে মুম্বাইর সঙ্গে। এই ম্যাচে জয়ী দল চলে যাবে ফাইনালে। একদিন পর বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর সাথে খেলবে হায়দরাবাদ। এই ম্যাচে হেরে যাওয়া দল নেবে বিদায়। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সাথে। ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

শারজায় মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। বোলাররা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ১৪৯ রানের মধ্যে আটকে রাখে মুম্বাইকে। চার ম্যাচ মাঠে নামা মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ। সাত বলে তিনি করেন চার রান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কাইরন পোলার্ড। যাদব ৩৬, ইশান কিষান ৩৩ ও ডি কক ২৪ রান করেন। বল হাতে হায়দরাবাদের হয়ে শাহবাজ নাদিম ৪ ওভারে ১৯ রানে নেন দুই উইকেট। সন্দ্বীপ শর্মা ৪ ওভারে ৩৪ রানে নেন তিন উইকেট। তবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাদিমই।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ছিল ব্যাপক তেজি। দুই ওপেনার ওয়ার্নার ও ঋদ্ধিমান শাহাই দলকে দারুণ জয় উপহার দেন। এদিন বুমরাহ ও বোল্টকে ছাড়া মাঠে নেমেছিল মুম্বাই। সে অভাব অনুভূত হলো। হায়দরাবাদের একটি উইকেটও ফেলতে পারেনি মুম্বাইর বোলাররা।

৫৮ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক ওয়ার্নার। ১০ চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকিয়েছেন একটি। ৪৫ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ঋদ্ধি। ১৭.১ ওভারে ১৫১ রান করেন হায়দরাবাদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com