রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার ব্যবহার, বিল নির্ধারণ ও মান যাচাইয়ের জন্য নতুন নিয়ম চালুর পরিকল্পনা নিয়েছে চীন।
শনিবার (২১ নভেম্বর) দেশটির জাতীয় তথ্য প্রশাসনের পরিচালক লিউ লিয়েহং জানান, এআই প্রযুক্তিকে কেন্দ্র করে চীনে নতুন ব্যবসা ও সেবার বাজার গড়ে উঠছে। এ খাতে গ্রাহকের ব্যবহার অনুযায়ী সঠিক বিল নির্ধারণ এবং সেবার মান নিশ্চিত করতে উন্নত ব্যবস্থা নেওয়া হবে।
এআই সেবার ব্যবহার পরিমাপ করা হয় ‘টোকেন’ নামের এককের মাধ্যমে। লেখা, প্রশ্নের উত্তর কিংবা ছবি ও ভিডিও বিশ্লেষণের সময় এআই নির্দিষ্টসংখ্যক টোকেন ব্যবহার করে। এর ভিত্তিতেই সেবার মূল্য নির্ধারণ করা সম্ভব।
চীনে এআই সেবা দিতে ‘টোকেন কারখানা’ নামে নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠান শক্তিশালী কম্পিউটার ও এআই মডেল ব্যবহার করে গ্রাহকদের সেবা দেবে।
বর্তমানে তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চীন, ইউরোপ ও লাতিন আমেরিকায় এ সক্ষমতা বাড়ছে। এ পরিস্থিতিতে এআই সেবার বাজার সম্প্রসারণের পাশাপাশি নিম্নমানের সেবা ও অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি ঠেকাতেও উদ্যোগ নিতে চায় চীন।