শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
বিপিএইচসিডিএ মাদারীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম সারোয়ার ও সম্পাদক আলী আকবর বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের বিবেক ও নৈতিক সাহসের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবাবগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত সম্মেলন চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি ঘোষণা ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঢাকায় শুরু হলো ‘অপরাজেয় আলো’ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬

বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের বিবেক ও নৈতিক সাহসের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের বিবেক ও নৈতিক সাহসের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠায় বিচারকদের ব্যক্তিত্ব, বিবেকবোধ ও নৈতিক সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনগত ও সাংবিধানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত থাকলেও বিচারকরা যদি নিজেদের বিবেক, ন্যায়বোধ ও নৈতিক আদর্শ অনুসরণ না করেন, তাহলে সেই স্বাধীনতা বাস্তবে কার্যকর হবে না।

শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একজন বিচারকের কাছে সবচেয়ে বড় জবাবদিহি তার নিজের বিবেকের কাছে। এ কারণে আর্থিক স্বচ্ছতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন জরুরি।

বিচারিক সিদ্ধান্ত গ্রহণে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচলিত আইন, বিচারিক নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার প্রকৃত ঘটনা, সামাজিক বাস্তবতা এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এসব ক্ষেত্রে বিচারকদের নিজস্ব জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার যথাযথ প্রয়োগ প্রয়োজন। কারণ নিম্ন আদালতের রায় ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, সময়ের পরিবর্তন এবং সমাজের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা বিচারকদের দায়িত্ব। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মৌলিক লক্ষ্য কিংবা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট যেন উপেক্ষিত না হয়। এ জন্য বিচারকদের আইন সম্পর্কে গভীর জ্ঞানের পাশাপাশি চিন্তার পরিপক্বতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত অবস্থান ও দায়িত্বের বিশেষ গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
বিচারকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো কোনোভাবেই কাম্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে তা মোকাবিলায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে অগ্রাধিকার পাবে।

নতুন প্রজন্মের বিচারকদের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, তাঁদের হাত ধরেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ আরও সমৃদ্ধ ও অগ্রসর হবে। বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের হারানো আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই নিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com