শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ভ্রম্যমান প্রতিনিধি, শুভাশিস গোস্বামী:: নবাবগঞ্জ উপজেলার ঝর্না গার্ডেনে হৃদয়ছোঁয়া ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। দীর্ঘ কয়েকটি বছর যে বিদ্যালয়ের বারান্দায় হেসে-খেলে, বন্ধুদের সাথে খুনসুটি আর শিক্ষকদের স্নেহের ছায়ায় বড় হয়ে ওঠা-সেই প্রিয় আঙিনা ছেড়ে যাওয়ার ভাবনায় নতুন গন্তব্যের কৌতূহলও যেন খানিকটা ম্লান হয়ে আসে কোমলমতি শিক্ষার্থীদের কাছে।
বিদ্যালয়ের সভাপতি ও শিশুবন্ধু মোহাম্মদ রুবেল তালুকদারের আন্তরিক উদ্যোগ ও আগ্রহে, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় এই বিদায় অনুষ্ঠান। সকাল থেকেই ঝর্না গার্ডেনে আসতে শুরু করে শিক্ষার্থীরা। চেনা বন্ধুদের মুখ, সহপাঠীদের হাত ধরা আর গল্পে-আড্ডায় দিনটি এক মিলনমেলায় রূপ নিলেও, সবার চোখেমুখে লুকিয়ে ছিল বিদায়ের এক চাপা বেদনা।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুভ বিদায়ের পাশাপাশি অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মাঝে আনন্দ আর গর্বের আবহ তৈরি হয়।
বিদায়ী বার্তায় বিদ্যালয়ের সভাপতি ও শিশুবন্ধু মোহাম্মদ রুবেল তালুকদার বলেন “আজকের দিনটি কেবল একটি বিদায়ের নয়, বরং তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ধুলিকণায় তোমাদের শৈশবের হাসি আর ভালোবাসা জড়িয়ে আছে। বড় হও, ভালো মানুষ হও-মা-বাবা আর শিক্ষকদের মুখ উজ্জ্বল করো। তোমাদের যেকোনো প্রয়োজনে, যেকোনো স্বপ্নের পথে আমরা সবসময় তোমাদের পাশে আছি।”

প্রধান শিক্ষক সালমা আক্তার আবেগঘন কন্ঠে বলেন” তোমাদের হাত ধরে কত সকাল কেটেছে, কত পাঠ আর কত স্নেহের স্মৃতি জমেছে এই বিদ্যালয়ে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ তোমরা নতুন স্কুলে যাবে, নতুন বন্ধু পাবে, কিন্তু এই বিদ্যালয় আর তোমাদের শিক্ষকদের কখনো ভুলে যেয়ো না। সততা, শৃঙ্খলা আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যাও—তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল বুকভরা আশীর্বাদ।”
অনুষ্ঠানের শেষে অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়। হাসি, অশ্রু, উপহার আর ভালোবাসার মেলবন্ধনে ঝর্না গার্ডেনের বিদায়বেলাটি হয়ে ওঠে সবার জন্য এক অবিস্মরণীয় স্মৃতি।