শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি ঘোষণা

সাভার শিল্পাঞ্চলে কারখানায় কাজে যোগ দিতে যাওয়া শ্রমিকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে।

শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বেলা ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতোই কাজে যোগ দেন। বেশির ভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে তারা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে রবিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকেই কারখানার কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

এ ছাড়া, আশুলিয়ার বিভিন্ন এলাকার আরো কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে সেসব কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন কার্যক্রম চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এর বাইরে সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরো কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com