শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ঢাকায় শুরু হলো ‘অপরাজেয় আলো’ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬

স্পোর্টস ডেস্ক:: দেশের নারী হকির উন্নয়ন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ভবিষ্যতের জন্য দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’।

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঢাকা জেলার প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ. এ. আদেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির সিএসআর, রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাসসুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রীড়াবিদ প্রতাপ শংকর হাজরা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কবির উদ্দিন সরকার এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য শফিকুল ইসলাম লিটু ও নাজিরুল ইসলাম নাজু এবং ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নুসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

দেশব্যাপী চলমান ‘অপরাজেয় আলো’ উদ্যোগের আওতায় ঢাকা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে বাছাই করা ২০ জন প্রতিভাবান নারী হকি খেলোয়াড় এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি, হকি স্টিক ও অন্যান্য প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী তুলে দেন।

অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক হকি কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ম্যাচে দক্ষতা ও মানসিক প্রস্তুতি তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নারী হকির নতুন প্রতিভা উঠে আসবে। পাশাপাশি জাতীয় নারী হকি দলের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির ধারাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com