শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

রাজধানীতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সাবা শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আবদুর রহমান আজ (শনিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায়।

মৃত ব্যক্তিরা হলেন- সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রেহমান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও অন্য পরিবারের ২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেড় বছর বয়সী আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।

দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com