শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার ঐতিহাসিক কোমরগঞ্জ মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর, সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লি সম্মেলনস্থলে উপস্থিত হন। বিশাল প্যান্ডেলের নিচে অংশগ্রহণকারীদের ব্যাপক সমাগম ঘটে।
সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর)। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দেননি।
ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে প্ররোচনাকারীদের রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে ইসলামের নামে উগ্রপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে আলেম-ওলামাদের বিশেষ নজর রাখতে হবে। শান্তির ধর্মের কথা বলে সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে না।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার বরকত উল্লাহর বিরুদ্ধে নবী দাবির অভিযোগকে কেন্দ্র করে খতমে নবুওয়ত আন্দোলন সংগঠিত হয়। এরপর থেকে প্রতিবছরই সংগঠনটির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলাও হয়েছে।
সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিকরপুর মাদ্রাসার মুফতি জাকির হোসেন, সোনাহাজরার মিজানুর রহমান, মাওলানা ইব্রাহিম খলিলসহ বিশিষ্ট আলেম-ওলামারা।