রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ।
তাদের রাজ্যের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সুগনু শহর ও আশপাশের এলাকায় গত এক সপ্তাহে মদ পান করা ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অজানা বা অপরিচিত উৎস থেকে সংগ্রহ করা মদ পান না করার জন্য সতর্ক করা হয়েছে।
ভারতে নিম্ন আয়ের মানুষের মধ্যে কম দামের অবৈধ মদের চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা অধিক নেশা সৃষ্টির উদ্দেশ্যে এসব মদে মিথানল কিংবা ব্যাটারির অ্যাসিডের মতো ভয়াবহ রাসায়নিক মিশিয়ে থাকে। এসব বিষাক্ত উপাদান মানুষের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।