রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে ‘ইত্যাদি’র এবারের আয়োজন

৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে ‘ইত্যাদি’র এবারের আয়োজন ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। দিঘিসংলগ্ন নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জয়পুরহাটসহ আশপাশের এলাকার হাজারো দর্শক।

হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এবারের পর্বে থাকছে তিন ধরনের বৈচিত্র্যময় গান। জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে একটি সংকলিত গান পরিবেশিত হবে। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি পরিবেশন করবেন কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান। এছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হবে বিশেষ নৃত্যগীত।

দর্শকপর্বে জয়পুরহাটবিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। তারা জেলার ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন।

এবারের অনুষ্ঠানে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এছাড়া বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর রয়েছে অনুপ্রেরণামূলক প্রতিবেদন। মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে।

এছাড়া কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এর মধ্যে রয়েছে সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটর, ইয়েস স্যার কালচার, ডিজিটাল ট্রল, চটকদার শিরোনাম ও নাগরিক জীবনের নানা অসংগতি।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, আবু হেনা রনি, আনোয়ার শাহীসহ আরও অনেকে।

ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com