রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
মুজিবর রহমান বাবু : মাঠের পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনা ও চ্যালেঞ্জ থাকলেও সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার দুটি পুরস্কার জিতেছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে বাফুফের ঝুলিতে এসেছে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ বিভাগের রুবি ক্যাটাগরির পুরস্কার। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছে বাংলাদেশ।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে একটি পুরস্কার গ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।
‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ বিভাগে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। ডায়মন্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গোল্ড ক্যাটাগরির পুরস্কার উঠেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) হাতে। আর রুবি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
অন্যদিকে, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করেছে বাফুফে। এ বিভাগে গোল্ড পুরস্কার পেয়েছে জাপান এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।
এবারের আসরে ব্যক্তিগত পর্যায়েও এশিয়ার সেরা ফুটবলারদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং ইয়ং। এশিয়ার বাইরে ক্লাব ফুটবলে খেলা সেরা আন্তর্জাতিক ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন ও অস্ট্রেলিয়ার কেইটলিন ফোর্ড।
মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত সাফল্য অর্জনে বাংলাদেশের ফুটবল যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন এএফসির মঞ্চে বাফুফের এই জোড়া স্বীকৃতি নিঃসন্দেহে ইতিবাচক অর্জন। বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক এই স্বীকৃতি দেশের ফুটবলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন আশার সঞ্চার করবে।