রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মৃত্যুর পরও অব্যাহত থাকে যেসব আমলের সওয়াব

মৃত্যুর পরও অব্যাহত থাকে যেসব আমলের সওয়াব ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ইসলামী ডেস্ক : মানুষের মৃত্যুর পর তার সব আমলের সওয়াব বন্ধ হয়ে গেলেও কিছু বিশেষ আমলের সওয়াব অব্যাহত থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ মারা গেলে তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। তা হলো সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪১১৫)

অন্য হাদিসে মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকে এমন সাতটি আমলের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো দ্বিনি জ্ঞান শিক্ষা দেওয়া, নদী-নালা প্রবাহিত করা, কূপ খনন, ফলবান বৃক্ষ রোপণ, মসজিদ নির্মাণ, নেক সন্তান রেখে যাওয়া এবং কোরআন বিতরণ করা বা কোরআনের ওয়ারিশ রেখে যাওয়া। (সহিহুল জামে, হাদিস : ৩৬০২)

আরেক হাদিসে চারটি আমলের কথা এসেছে আল্লাহর পথে সীমান্ত প্রহরা, এমন সুন্নাহ বা নেক আমল চালু করা, যা অন্যরা অনুসরণ করে, স্থায়ী দান এবং নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া করে। (মুসনাদে আহমাদ, হাদিস : ২২)

প্রখ্যাত তাবেঈ আতা ইবনে রাবাহ (রহ.) বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে গোলাম আজাদ করা (যদি থাকে), দান-সদকা, হজ ও ওমরা করা যায়। (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদিস : ১২০৮৫)

উল্লেখ্য, একদল আলেমের মতে, নেক সন্তান দোয়া না করলেও তার সৎকর্মের সওয়াব পিতা-মাতা পেতে পারেন। (আহকামুল জানায়েজ, ১/৭৬)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com