বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইতিহাস গড়ে বাংলাদেশ। ’৯৯ সালে সুজনের (৩/৩১) অসাধারণ বোলিং নৈপুন্যে পাকিস্তানকে ৬২ রানে হারায় বাংলাদেশ। এবার ফাহিমা খাতুনের (৩/৩৮) দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুইবারই পাকিস্তানকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানকে বিশ্বকাপে হারায়। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে জয় পায়।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মর্তুজার পোস্ট, ‘অভিনন্দন।’ সঙ্গে দুটি ছবি জুড়ে দেন। একটি ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ম্যাচ সেরা খালেদ মাহমুদ সুজনকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটারদের উল্লাস। আরেকটি এবার, ২০২২ সালে পাকিস্তানকে হারানোর পর ম্যাচ সেরা ফাহিমা খাতুনের উচ্ছ্ববাস। দুটিই একই সূত্রে যে গাঁথা।
২বারই রানে জিতে বাংলাদেশ। ২বারই ম্যাচ সেরা বোলার ৩ উইকেট করে শিকার করে নেন। দুইবারই মাঝপথে প্রতিপক্ষ শিবিরে আঘান হানেন বাংলাদেশের ম্যাচ সেরা বোলার। ’৯৯ সালে পাকিস্তানকে হারানোর ম্যাচে ২৯ ও ৪২ রানে টানা দুই উইকেট শিকার করে নেন সুজন। এবার ১৮৬ রানে টানা দুই উইকেট শিকার করে নেন ফাহিমা।
সেবারও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল প্রথম দুটি ম্যাচে (প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ) হেরে তৃতীয় ম্যাচে (প্রতিপক্ষ স্কটল্যান্ড) জয় পায়। এবারও বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম দুটি ম্যাচে (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড) হেরে তৃতীয় ম্যাচে (প্রতিপক্ষ পাকিস্তান) জয় পায়। সেবার ইংল্যান্ডে জয় তুলে নেয়। এবার নিউজিল্যান্ডে জিতে।
ঠিক যেমনটি ১৯৯৯ সালে বাংলাদেশ দলও পাকিস্তানকে প্রথমবার বিশ্বকাপে হারিয়ে ইতিহাস রচনা করে ফেলেছিল। এবার সেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে যেন ১৯৯৯ ও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ একই সূত্রে গাঁথা হয়ে গেল। বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে শেষ জয়টি পাকিস্তানের বিপক্ষেই পেয়েছিল। এবার কী হবে? সেবার দুটি ম্যাচ জিতেছিল। এবারও কী তা হবে? তাহলে তো পাকিস্তানকে হারানোর চেয়েও বেশি আনন্দ মিলবে। সামনে যে ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ওয়েলিংটনে ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সবগুলোই শক্তিশালী দল। জিততে পারলে ভালো। না পারলেও এখন আর কোন হিসেব নেই। পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ স্মরণীয় করে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।