বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বান্দরবানে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ২৬ পরিবার

বান্দরবানে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ২৬ পরিবার

বান্দরবান জেলা প্রতিনিধি: পাহাড়ের দুর্গম জনপদে বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। এ উদ্যোগের আওতায় জেলার চুয়ান বিল পাড়ায় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসংক্রান্ত দুর্ভোগ ও অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি-এর নির্দেশনায় এ বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম, এএমসি (আরএমও)। এ সময় তিনি অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের চিকিৎসার কষ্ট লাঘব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসাসেবা প্রদান এবং আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানবিক সেবার এ ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com