বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ভাটারার বাসা থেকে সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

ভাটারার বাসা থেকে সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ ঘটনায় সে সময় বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তার নাম আলোচনায় ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। এর প্রায় ছয় সপ্তাহ পর, ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হন তিনি।
সেদিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত একদল মুসল্লির সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। একই ঘটনায় মসজিদের দরজা-জানালারও ক্ষয়ক্ষতি হয়।

ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com