বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ মিনার, বিশাল পাঠাগার ও আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ভূমধ্যসাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’। স্থানীয়ভাবে ‘জামে আল-জাজায়ের’ নামে পরিচিত এই মসজিদ আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসেবে পরিচিত। পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর পরই এর অবস্থান।

বিশাল আয়তন, আধুনিক স্থাপত্যশৈলী, সমৃদ্ধ গ্রন্থাগার এবং বিশ্বের সর্বোচ্চ মিনার সব মিলিয়ে মসজিদটি মুসলিম বিশ্বের স্থাপত্য ঐতিহ্যে এক অনন্য সংযোজন।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হলো ২৬৫ মিটার বা প্রায় ৮৬৯ ফুট উচ্চতার সুউচ্চ মিনার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও এটি বিশ্বের সর্বোচ্চ মিনার হিসেবে স্বীকৃত। মিনারটিতে রয়েছে ৪৩টি তলা। এর বিভিন্ন তলায় জাদুঘর, গবেষণাকেন্দ্র ও দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণ সুবিধা রয়েছে। মিনারের শীর্ষে রয়েছে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থাও।

মসজিদ কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ এর বিশাল পাঠাগার। প্রায় দুই হাজার পাঠকের বসার ব্যবস্থা রয়েছে এখানে। একই সঙ্গে সংরক্ষণ করা যাবে প্রায় ১০ লাখ বই। শুধু ধর্মীয় জ্ঞানচর্চাই নয়, গবেষণা ও শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে এই গ্রন্থাগার।

প্রায় ২৭ দশমিক ৭৫ হেক্টর জমির ওপর বিস্তৃত মসজিদ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বিশাল নামাজের স্থান, সাংস্কৃতিক কেন্দ্র, কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র, সম্মেলনসুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা। ভূগর্ভে নির্মিত হয়েছে দুই স্তরের বিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা, যেখানে প্রায় চার হাজার গাড়ি রাখা সম্ভব।

মসজিদটি নির্মাণের স্বপ্ন দেখেছিলেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা। তাঁর পরিকল্পনা ছিল, আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণের মাধ্যমে দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি অনন্য নিদর্শন গড়ে তোলা। শুরুতে তাঁর নাম অনুসারে মসজিদটির নামকরণের পরিকল্পনাও ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
২০১৯ সালে আলজেরিয়াজুড়ে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে প্রায় ২০ বছর ক্ষমতায় থাকা বুতেফ্লিকা পদত্যাগ করতে বাধ্য হন। রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন জটিলতায় মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধনও বিলম্বিত হয়। পরবর্তী সময়ে ‘জামে আল-জাজায়ের’ নামেই এটি পরিচিতি লাভ করে।

২০১২ সালে চীনের নির্মাণপ্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) মসজিদটির নির্মাণকাজ শুরু করে। ২০১৯ সালের দিকে মূল নির্মাণকাজ শেষ হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি। নির্মাণব্যয় নিয়েও দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। আলজেরিয়ার তৎকালীন অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ছিল প্রায় ৮৯৮ মিলিয়ন ইউরো।

বিশাল এই স্থাপনা নির্মাণের স্থান, বিপুল ব্যয় এবং ভূমিকম্পপ্রবণ এলাকায় এমন বৃহৎ স্থাপনা নির্মাণের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। তবে স্থাপনাটির নকশায় ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থাও রাখা হয়েছে।

সব বিতর্ক, রাজনৈতিক পরিবর্তন ও নির্মাণের দীর্ঘ পথ পেরিয়ে আজ ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ আলজেরিয়ার অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। ধর্মীয় উপাসনার পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশাল কেন্দ্র হিসেবে এটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। ভূমধ্যসাগরের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন আধুনিক স্থাপত্যে ইসলামী ঐতিহ্য ও সৌন্দর্যের এক অসাধারণ প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com