বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করার তালিকায় স্থান পেয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত সরকারি করার তালিকায় ঠাকুরগাঁও জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, রুহিয়া উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, প্রতিষ্ঠার পর থেকেই রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি সরকারি হলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাধারণ ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে তাঁদের প্রত্যাশা।
বিদ্যালয়ের শিক্ষার্থী কেয়া মনি, রুহুলসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি করার তালিকায় স্থান পাওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। নিজেদের শিক্ষাজীবনেই বিদ্যালয়টি সরকারি হলে তা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলেও তারা জানায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ২০টির বেশি শ্রেণিকক্ষে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নামে রয়েছে প্রায় সাড়ে সাত একর জমি। সেখানে পুকুর, বাগান ও বিদ্যালয়সংলগ্ন একটি বড় খেলার মাঠ রয়েছে। বিস্তৃত প্রাঙ্গণ ও ঐতিহ্যবাহী অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের পাঠদানে ভূমিকা রেখে আসছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯১৪ সালে রাজা ট্রঙ্কনাথ চৌধুরী ‘রামগঞ্জ বিএন ইনস্টিটিউট’ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৫৪ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়’। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথপরিক্রমায় বিদ্যালয়টি এলাকার শিক্ষা ও সামাজিক অগ্রগতির সঙ্গে যুক্ত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, বিদ্যালয়টি সরকারি হলে তা হবে তাদের জন্য বড় অর্জন। এ ক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী থাকাকালে বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এ বিষয়ে তিনি ডিও লেটার দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতা করেছেন।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়টি সরকারি হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। এর ফলে রাণীশংকৈল উপজেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থাও উপকৃত হতে পারে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস বলেন, বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে তাঁরা একাধিকবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর সহযোগিতায় ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা দ্রুত বিদ্যালয়টির সরকারি হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, শতবর্ষের ঐতিহ্যবাহী রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সামগ্রিক পরিবেশের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে তালিকায় অন্তর্ভুক্তির পর চূড়ান্ত সরকারি ঘোষণা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।