বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে মরহুম মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দীয়া দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ।
বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সংগঠনটি। একই সঙ্গে আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে আয়োজিতব্য একটি সম্মেলন ঘিরে সম্ভাব্য উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করে ছয় দফা দাবি জানানো হয়।
সংগঠনটির অভিযোগ, ২০২৪ সালের ৭ আগস্ট রামনাথপুরে মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দীয়া দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে প্রাণনাশের হুমকির কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম পরিচালনাও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে আয়োজিতব্য একটি সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। তাঁদের আশঙ্কা, ওই সম্মেলনে মোহাম্মদ বরকত উল্লাহ খানের অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করা হতে পারে। এ ধরনের দাবি ও ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ -এর কাছে গত ১৬ নভেম্বর লিখিত আবেদন জমা দেন মোহাম্মদ আবদুল্লাহ খান। নিজেকে মরহুম হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খানের পুত্র পরিচয় দিয়ে তিনি পরিবারের নিরাপত্তা, বসতবাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানান।
আবেদনে দেওয়ানি মামলা নং ৬/২৪, সি.আর মামলা নং ৩৩৩/১৫ এবং নবাবগঞ্জ থানার মামলা নং ১০(১২)২৪ ও ৪১০(৬)২৫-এর উল্লেখ রয়েছে। আবেদনকারীর অভিযোগ, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনার বিচার এখনো হয়নি বলেও দাবি করেছেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলা ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকার পরও তাঁরা কার্যকর নিরাপত্তা পাচ্ছেন না। ফলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ জানিয়েছে, উল্লিখিত মামলাগুলোর বর্তমান অবস্থা যাচাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আদালতের আদেশ যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে একটি বৃহৎ সম্মেলন আয়োজনের বিষয়টি সামনে আসার পর নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রামনাজপুরের ভুক্তভোগীরা।
তাঁদের আশঙ্কা, ওই সম্মেলনকে কেন্দ্র করে মোহাম্মদ বরকত উল্লাহ খানের অনুসারীদের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক উসকে দেওয়া হতে পারে। বিশেষ করে তাঁদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি উত্থাপিত হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ-এর বক্তব্য, ধর্মীয় মতপার্থক্য কিংবা কোনো ব্যক্তির আধ্যাত্মিক বিশ্বাসের কারণে তাঁর নাগরিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন করা যায় না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় পরিচয় নির্ধারণে চাপ সৃষ্টি, সামাজিক ভাবে হেয় করা কিংবা রাষ্ট্রীয় ভাবে কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার উদ্যোগ নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
সংগঠনটির মতে, সম্মেলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রশাসনের উচিত সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি যাচাই করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ এর পক্ষ থেকে গত ১২ নভেম্বর নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গালিমপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দল দরবার শরিফের প্রধান ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ দেখতে পায়। পাশাপাশি এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।
পরিদর্শনের পর প্রতিনিধি দল নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
এ সময় আগামী ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে সম্মেলন আয়োজনের বিষয়টিও প্রশাসনকে অবহিত করা হয়। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ এর ভাষ্য অনুযায়ী, উপজেলা প্রশাসন ও থানার কর্মকর্তারা জানান, ওই সম্মেলনের বিষয়ে তাঁদের আগে অবহিত করা হয়নি এবং তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত নন।
পরবর্তী সময়ে সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়। বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শকের কাছেও জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ -এর পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-
আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ মাঠে আয়োজিতব্য সম্মেলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দীয়া দরবার শরিফে পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা।
মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের সদস্যদের নিরাপদে বসবাস নিশ্চিত করা এবং মসজিদে নির্বিঘ্নে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ ফিরিয়ে দেওয়া।
ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দীয়া দরবার শরিফের আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা।
অতীতের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং আইনের আওতায় আনা।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন, আদালতের কার্যকর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ এর কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত। কোনো ধর্মীয় মতপার্থক্যকে কেন্দ্র করে কারও ওপর হামলা, হুমকি কিংবা ধর্মীয় স্বাধীনতা হরণ করার সুযোগ নেই।
তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রামনাথপুরের মুন্সীবাড়ি, মসজিদ ও দরবার শরিফে কার্যকর পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, শুধু আশ্বাস নয়, ভুক্তভোগীদের বাস্তব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদালতের আদেশ কার্যকর করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে।
সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ-এর কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড়ের সঙ্গে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল হাই, ধর্মতত্ত্বের গবেষক ও গ্রন্থকার এবং ইউনাইটেড রিলিজিয়নস ইনিশিয়েটিভ , সানফ্রান্সিসকো, আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অনিল পাল, সমীর চন্দ্র মিস্ত্রী (হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট), রিপন চন্দ্র দাস ও দুলাল সরদার (অবজারভার)।
ভুক্তভোগীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হযরত মো. আব্দুল বারী (রহ), সভাপতি, বাংলাদেশ বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি; ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক; মো. আজহার আলী, মো. আব্দুল্লাহ খান, মোতাওয়াল্লী মো. জসিম উদ্দিন সরকার, মো. শামসুদ্দিন, মো. আবু বক্কর সিদ্দিক এবং সিনিয়র সদস্য মো. সোহরাব উদ্দিনসহ অন্যরা।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ এর পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার অপেক্ষা না করে এখনই কার্যকর পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।