বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সংকটের মধ্যেও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সংকটের মধ্যেও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : হাসপাতালে নতুন ৩ হাজার ৫০০ শয্যা সংযোজন, রাঙ্গাবালীতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ দেশের অর্থনৈতিক সংকট ও সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, গত কয়েক মাসে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা সংযোজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় বিপুলসংখ্যক রোগীকে বারান্দা ও অন্যান্য স্থানে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এমন রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং রোগীদের জন্য কষ্টকর।

বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে সরকারের নেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে।

রাঙ্গাবালীতে হাসপাতাল নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্নে এবিএম মোশাররফ হোসেন জানান, তাঁর নির্বাচনী এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস। অথচ সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর ঘটনাও সংসদে তুলে ধরেন। তাঁর মতে, উপজেলায় হাসপাতাল না থাকায় জরুরি মুহূর্তে স্থানীয় মানুষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।

এ অবস্থায় রাঙ্গাবালীতে দ্রুত একটি হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কামনা করেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে ফিরলে এ বিষয়ে তাঁকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com