বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দোহারে ভূমি অফিসের অফিস সহকারীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

দোহারে ভূমি অফিসের অফিস সহকারীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী শাহানুর আলমকে মারধরের ঘটনা ঘটেছে। এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বুধবার (১৮ নেভম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিচে অবস্থিত পরিত্যক্ত রেকর্ড রুমের ভেতরে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে ভূমি অফিসের কর্মচারী শাহানুর আলমের বিরুদ্ধে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহানুর আলমকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত শাহানুর আলম অসুস্থ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী মরিয়ম বেগম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। তবে কী কারণে বা কেন তার স্বামীকে মারধর করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, ‌’মারধরের বিষয়টি আমরা জেনেছি। শাহানুর অসুস্থ থাকায় কথা বলতে পারছেন না। তিনি সুস্থ হলে কী ঘটেছিল, তা জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন, ‌মারধরের ঘটনা শুনে আমরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। শাহানুর সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com