বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম। সোমবার নায়ক চ্যাডউইক ওয়ালটন ৪৪ বলে অপরাজিত ৮৯ রান ও মেহেদি হাসান মিরাজ শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে।
বুধবার জিতলেই এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফাইনালে উঠবে চট্টগ্রাম। লীগ পর্বের একেবারে শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে খুলনা প্লে-অফে ওঠে। উইল জ্যাকস নেই। তাতে কী? চ্যাডউইক ওয়ালটন তো আছেন। আর তিনি যা করার করে দিলেন। একাই ৪৪ বলে ৭ চার ও ৭ ছক্কায় ব্যাটিং ঝড় তুলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেললেন। ওয়ালটনের সঙ্গে পঞ্চম উইকেটে ১১৫ রানের জুটি গড়ার সঙ্গে শেষ ওভারে অসাধারণ বোলিং করেন মিরাজ। ওয়ালটন ও মিরাজের নৈপুন্যে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও জিতে গেল। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বড় সংগ্রহ (১৮৯/৫) গড়ে খুলনা টাইগার্সকে ১৮২ রানে আটকে দিয়ে ৭ রানে জিতল চট্টগ্রাম। বিদায় ঘটল মুশফিকুর রহিমের খুলনার। লিগে টিকে থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলা নিশ্চিত করল চট্টগ্রাম।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে যখন চট্টগ্রাম ব্যাটিংয়ে নামবে, তার আগেই জানা গেল দলের সেরা ব্যাটার ওপেনার জ্যাকস একাদশে নেই। কারণ? তিনি নাকি সকাল থেকে বমি করছেন। চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত জানিয়েছেন, জ্যাকসের ফুড পয়েজনিং হয়েছে। সকাল থেকেই তার টানা বমি হচ্ছে। তাই তার পক্ষে ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না।
তখন চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে যাবে, এমনই ধারণা হয়। ৬৫ রানেই যখন ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম, সেই ধারণার যেন ফলও মিলতে থাকে। কিন্তু ওয়ালটন এমনই ব্যাটিং ঝড় তুললেন, তাতে বড় সংগ্রহই গড়ল চট্টগ্রাম।
পঞ্চম উইকেটে মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে ১১৫ রানের জুটি গড়লেন ওয়ালটন। এই উইকেটে এবার বঙ্গবন্ধু বিপিএলে সবচেয়ে বড় জুটি গড়া হলো। নিজে ২৮ বলেই হাফসেঞ্চুরি করার পর সেঞ্চুরির কাছেও চলে যান। খুলনা বোলারদের পাত্তাই দেন না।
একদিকে মিরাজ ধরে খেলেন। আরেকদিকে ওয়ালটন মারমুখি ব্যাটিং করেন। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে গিয়ে মিরাজ (৩০ বলে ৩৬ রান) আউট হন। দলকে ১৮৯ রানে নিয়ে গিয়ে অপরাজিতও থাকেন ওয়ালটন। বেনি হাওয়েল করেন অপরাজিত ৮ রান। ৯.৪ ওভারে ৬৫ রানে ৪ উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। ওয়ালটন তখন ১০ রানে ছিল। এরপর থেকে শেষ ১০.২ ওভারে ১২৪ রান করে চট্টগ্রাম। ওয়ালটনের ব্যাট থেকেই আসে ৭৯ রান।
চট্টগ্রাম অনেক বড় স্কোর গড়ে ফেলে। খুলনা ব্যাটারদের ওপর চাপ দিয়ে দেয়। সেই চাপ সামালও দেন ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিম। ৪৩ রানে ২ উইকেট পড়ার পর ফ্লেচার ও মুশফিক মিলে দলকে ১০৭ রানে নিয়ে যান। ৬৪ রানের জুটি গড়েন। তখন মনে হচ্ছিল, জিতে যাবে খুলনা। এমন সময়ে মুশফিককে (৪৩) আউট করে দেন মেহেদি হাসান মিরাজ। ব্রেক থ্রো এনে দেন। তখন যেন চট্টগ্রামের জয়ের আশা ভালোভাবেই তৈরী হয়ে যায়। তবে ভয়ও থাকে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফ্লেচার যে উইকেটে থাকেন।
ফ্লেচার ৩৪ বলে হাফসেঞ্চুরি করে ধুমধারাক্কা ব্যাটিং করতে থাকেন। সাথে ইয়াসির আলী রাব্বি ব্যাট হাতে নেমেই ছক্কা-চার হাকাতে থাকেন। ২৪ বলে জিততে যখন ৫৬ রান দরকার, শরিফুল ইসলামের ওভারে ছক্কা-চার হাকান রাব্বি। ১৮ বলে জিততে যখন ৪৩ রান দরকার, মৃত্যুঞ্জয় চৌধুরীর শেষ ওভারের প্রথম দুই বলেই চার-ছক্কা হাকিয়ে দেন রাব্বি। ১৮তম ওভারের পঞ্চম বলেও ছক্কা হাকান। তাতে করে ওভারটিতে ১৯ রান আসে।
শেষ ১২ বলে জিততে ২৪ রান লাগে। শরিফুল বল করতে আসেন। প্রথম বলেই ছক্কা হাকান রাব্বি। দ্বিতীয় বলে গিয়ে আউট হয়ে যান রাব্বি (২৪ বলে ৪৫ রান)। ওভারটিতে ৮ রান দেন শরিফুল। ভালো বোলিং করেন।
শেষ ৬ বলে জিততে ১৫ রান লাগে। মিরাজ বল করতে আসেন। প্রথম বলে ১ রান দেন। দ্বিতীয় বলেও ১ রান দেন। ৪ বলে জিততে ১৪ রান লাগে। তৃতীয় বলেও ১ রান দেন। তিন বলে জিততে লাগে ১৩ রান। ফিল্ডিং মিস করায় বলটিতে ৪ রান আসে। ২ বলে জিততে ৯ রান লাগে। ১ রান দেন মিরাজ। ৮ রান হয়। ১ বলে জিততে লাগে ৮ রান। থিসারা পেরেরাকে আউট করে দেন মিরাজ। ম্যাচ জিতে যায় চট্টগ্রাম। ৫৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন ফ্লেচার। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮২ রান করতে পারে খুলনা। হেরে বিদায় নেয়।
সংক্ষিপ্ত স্কোর ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস ১৮৯/৫; ২০ ওভার; ওয়ালটন ৮৯*, লুইস ৩৯, মিরাজ ৩৬, হাওয়েল ৮*; খালেদ ২/৪০।
খুলনা টাইগার্স ইনিংস ১৮২/৫; ২০ ওভার; ফ্লেচার ৮০*, রাব্বি ৪৫, মুশফিক ৪৩; মিরাজ ২/৪০।