বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : ১২ ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ ফুটবল লিগ শীর্ষ প্রতিযোগিতাটি আগামী ৩ ফ্রেব্রুয়ারি শুরু হবে। বরাবরের মতোই বড় দলগুলোর অধিনায়কদের কণ্ঠে ফুলে উঠল শিরোপা জয় বা মুকুট ফিরে পাওয়ার প্রত্যয়। তুলনামূলক কম শক্তির দলগুলোর অধিনায়করা শোনালেন উন্নতির আশাবাদ। রাজধানীর একটি হোটেলে রোববার লিগের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসরের সব দলের অধিনায়ক। কোনো কোনো দলের অধিনায়ক আবার শোনালেন ঢাকায় তাদের প্রিয় খাবারের কথাও।
এই লিগে কেউ কাউকে ছাড় দিবে না। বড় দলগুলোর সঙ্গে হুঙ্কার দিচ্ছে মাঝারি কিংবা অপেক্ষাকৃত ছোট দলও! লক্ষ্যের পাশাপাশি কেউ কেউ তো মজা করে নিজেদের প্রিয় খাবারের কথা বলতেও ভোলেননি। মুক্তিযোদ্ধার জাপানি ফুটবলার তেতসুয়াকি মিসুয়া যেমন মজা করে বলেছেন, ‘আই লাইক কাচ্চি বিরিয়ানি।’
তবে এই বিরিয়ানি খাওয়ার লোভ সামলাতে না পারলে যে ফিটনেসের অবস্থা করুণ হতে পারে, সেই ব্যাপারেও সতর্ক করলেন রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ, ‘শুধু বিরিয়ানি খাওয়ার কারণে পেট বেড়ে গিয়েছিল। এগুলো তো ক্লাব করে না, ব্যক্তিগতভাবে করি। তো আমরা চাইলেই এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারি।’
২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এখনও এই ট্রফি উঁচিয়ে ধরা হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। খারাপ সময়ের মধ্য দিয়ে চলা দলটির অধিনায়ক সুলেমানে দিয়াবাতে এবারও তেমন কোনো স্বপ্ন দেখালেন না সমর্থকদের।
“আশা করি, মোহামেডানে ভালো করবে। সেরা চারে থেকে লিগ শেষ করতে চাই আমরা। লিগে অনেক ভালো দল আছে, তদের ভালো খেলোয়াড় আছে।” গত লিগে কিংসকে যা একটু চাপে রেখেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। ওই পথচলায় ১০ গোল করেছিলেন দলটির অধিনায়ক সলোমন কিংস। এবার দলীয়ভাবে আরও বেশি গোল করে তিনি পৌঁছুতে চান অভীষ্ঠ লক্ষে।
“ব্যক্তিগতভাবে আমি গোল করতে চাই। কিন্তু দলীয়ভাবে আমরা যত বেশি গোল করব, দলের জন্য সেটা আরও ভালো। আশা করি, আমরা ব্যক্তিগতর চেয়ে দলীয়ভাবে আরও বেশি গোল করব লিগে।”
রসিকতার সঙ্গে আবার সিরিয়াস ভঙ্গির কথাও বলেছেন অধিনায়করা। যেহেতু লিগ শিরোপা সবার লক্ষ্য। ট্রেবল জয়ের অপেক্ষায় থাকা আবাহনীর অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন বলেছেন, ‘আমরা লিগের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। যদিও সহজ নয়, তবে শিরোপার জন্য খেলবো এবং আশা করি শিরোপা জিতবো।’ তাদের মতো লিগ জেতার জন্য মুখিয়ে বসুন্ধরা কিংস অধিনায়ক রবিনিয়োও। আগের হতাশা ঝেরে এই ফুটবলারের আশা, ‘এখানে খেলতে পেরে খুবই খুশি। ব্রাজিলে থাকা পরিবার ও বন্ধুরাও খুশি। একটা কাপ মিস করেছি, এটা কোনও ব্যাপার নয়, এটাই ফুটবল। কখনও জিতবো, কখনও হারবো। কিন্তু চেষ্টা করবো লিগ জয়ের।’