বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এবার সামনে তামিম ইকবাল, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের দক্ষিণ আফ্রিকা সফর। এই সফরে এবার নিউজিল্যান্ড সফরের মতো সাফল্য মিলে গেলেই হয়। যেই ফল এরআগে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই মিলেনি, সেই ফল এবার মিলেছে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কোন ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ কখনোই কোন ম্যাচে জিততে পারেনি। সব ফরমেট মিলিয়ে ১৯ ম্যাচের (৯ ওয়ানডে, ৬ টেস্ট, ৪ টি-২০) সবকটিতে হেরেছে। তাহলে কী এবার দক্ষিণ আফ্রিকাকেও প্রথমবারের মতো হারানোর স্বাদ মিলবে? আর ৬দিন পর ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। এরআগে আর কোন অনুশীলন হচ্ছে না। বাংলাদেশ টাইগার্স এর হয়ে বগুড়ায় একঝাক ক্রিকেটাররা অনুশীলন করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাকিরা ম্যাচ খেলেছেন। ক্রিকেটের মধ্যেই ছিলেন ক্রিকেটাররা। তাই আর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে প্রস্তুতির বিশেষ প্রয়োজন পড়ছেনা। ক্রিকেটাররা বিশ্রামেই থাকছেন। দক্ষিণ আফ্রিকা গিয়ে একেবারে অনুশীলন করবেন।দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে ও পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়।
দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে ২০ মার্চ, তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়নে ২৩ মার্চ হবে। ডারবানে ৩১ মার্চ প্রথম টেস্ট ও পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ও দ্বিতীয় ওয়ানডে দুপুর ২ টায় শুরু হবে।
টেস্ট ম্যাচগুলো শুরু হবে দুপুর ২ টায়। শুরুতে ওয়ানডে সিরিজ থাকায় এই সিরিজে থাকা তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। এরপর ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই টেস্ট সিরিজের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা যাবেন। ওয়ানডে সিরিজের দল থেকে যারা টেস্ট সিরিজে নেই, তারা ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন। টেস্ট সিরিজে মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান রয়েছেন। শুরুতে কেপটাউনে হবে অনুশীলন। এরপর সিরিজের ম্যাচগুলো যেখানে হবে, সেখানে অনুশীলন চলবে।
দক্ষিণ আফ্রিকাতেও ভালো কিছু করতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জিতেছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্টে ভালো কিছুর আশা করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
তিনি বলেছেন, ‘যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি, সেটা গুরুত্বপূর্ণ। সঙ্গে যোগ করেন, ‘এটা (নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা) অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ, একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার। তবে আমাদের অতীত নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে।’