বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ এবার পাওয়ার হিটিং কোচ পেল সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ও লিটনরা। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এ্যালবি মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে এক সিরিজের জন্য নিযুক্ত করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলে একের পর এক কোচ যুক্ত হচ্ছেন। চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজেই শুধু দায়িত্ব পালন করবেন মরকেল।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে আছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে দলের সাথে যোগ দেন জেমি সিডন্স। পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এ্যালান ডোলান্ড। ফিল্ডিং কোচ আছেন অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট। এবার মরকেলও যুক্ত হলেন।
মূলত বোলিং অলরাউন্ডার হলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি ছিল মরকেলের। খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৫০টি টি-২০ খেলেছেন মরকেল। ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘সে খুব অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার। আমরা আশা করি আমাদের ব্যাটাররা তার কোচিং থেকে সহায়তা পাবে।’
বাংলাদেশ ব্যাটারদের শট খেলার প্রবণতা থাকলেও পাওয়ার হিটিং বিষয়টা অনুপস্থিত। এ্যালবি মরকেল সেই শিক্ষাই বাংলাদেশ ব্যাটসম্যানদের দেবেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, শুধু ওয়ানডে সিরিজের জন্য মরকেলকে দলের সঙ্গে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮, ২০, ২৩ মার্চ এক এক করে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজেই শুধু পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পালন করবেন এ্যালবি মরকেল।