বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ সাকিব খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে? প্রশ্নটি ছুড়ে দিতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইপিএলে খেলতে সে (সাকিব আল হাসান) ৬ মাস টেস্ট খেলতে চায়নি। এখন যেহেতু সেই হিসাব নেই। তাই তার টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে।’
কয়েক ঘন্টা আগে, বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে চলার সময় বাংলাদেশ ব্যাটিংয়ে থাকতে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, দুই একদিনের মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হবে। বিসিবির সঙ্গে সাকিবের আলোচনাতেই সিদ্ধান্ত হবে, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলবেন কিনা। খুব বেশি সময় লাগেনি।
চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে শেষ হতেই বিসিবি সভাপতি জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন সাকিব। তাহলে সভা কী হয়েছে? এই প্রশ্ন ওঠার আগে বিসিবি সভাপতি জানিয়ে দেন, ‘আজ দূর থেকে আমি তাঁকে (সাকিব) বললাম, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। সে বলল, “আপনি যা বলেন।” তাতে বোঝা যাচ্ছে, আর কোন হিসেব নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলবেন সাকিব। আর শ্রীলঙ্কার বিপক্ষে তো খেলবেই।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় জালাল ইউনুস বলেছিলেন, ‘আগেই ঠিক করা ছিল সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। যখন দক্ষিণ আফ্রিকা যাবে সেখানে টেস্ট খেলবে না। কারণ আইপিএল আছে। এখনও চূড়ান্ত কথাবার্তা হয়নি। যেহেতু একটা সিরিজ চলছে।
আশা করি ঢাকার আসার পর মাননীয় সভাপতির সঙ্গে আলোচনা হবে, আমরাও ওর সাথে বসব। বসে সিদ্ধান্ত নিব, কোন ম্যাচগুলোতে ও খেলবে।’ জালাল ইউনুস আরও জানান, ‘বোর্ড তো চাইবেই টেস্ট খেলুক। সে অনেক দিন খেলার বাইরে থাকলেও সাকিবের মত অলরাউন্ডার টেস্টে থাকলে দল শক্তিশালী হয়ে যায়। তবে অনেক খেলোয়াড়ের ধকল হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে খেলছে। তাদের চাওয়া থাকলে আমাদের এড়িয়ে যাওয়া উচিৎ না। সেদিকটাও খেয়াল রাখতে হবে।’ ম্যাচ শেষ হতেই বিসিবি সভাপতি জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান।