বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সাকিবের জায়গায় শামীম পাটোয়ারী

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীমে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। পাশাপাশি সৌম্য সরকারের একাদশে থাকার কথাও জানিয়েছেন বাংলাদেশের কোচ। একই সঙ্গে থাকছেন লিটন কুমার দাসও।

সাকিব দলের প্রাণশক্তি, প্রধান চালিকাশক্তি। ব্যাটিং ও বোলিং শক্তির অন্যতম উৎস। তার বোলিং দলের সবচেয়ে বড় ও কার্যকর অস্ত্র। আর ব্যাটিংটাও অনেক বড় সম্পদ। বেশিরভাগ বোদ্ধা-পন্ডিত সাকিবকে ‘টু ইন ওয়ান’ বলে ডাকেন। আর কারও কারও মতে, সাকিব হলেন ‘থ্রি ইন ওয়ান।’

মানে একজন বোলার আর একজন ব্যাটসম্যান দিয়েও তার অভাব পূরণ করা সম্ভব হয় না। এমন একজন অপরিহার্য পারফরমার ছাড়া বিশ্বকাপের বড় মঞ্চে, তাও সুপার টুয়েলভে মাঠে নামা এবং সেটা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে!

সব মিলে দলের শক্তি কমে যাওয়া। ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য কমে যাওয়া। এমন একজন পারফরমারের অনুপস্থিতিকে কীভাবে দেখছেন কোচ রাসেল ডোমিঙ্গো? সাকিবকে ছাড়া মাঠে নামার আগে কী কী অসুবিধা পোহাতে হচ্ছে? একাদশের গঠন বিন্যাস বা টিম ক¤ি॥^নেশনই বা করবেন কীভাবে?

সোমবার ম্যাচ পূর্ববর্তী সে সব কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি অকপটে স্বীকার করেছেন, সাকিবের অনুপস্থিতি অনেক বড় শূন্যতা, দলের ভারসাম্য কমে যাওয়ার কারণ। তাই তো তার মুখে এমন কথা, ‘সাকিবের না থাকার মানে একজন করে ব্যাটসম্যান ও বোলার কমে যাওয়া।’

সাকিবের অনুপস্থিতিতে তাহলে কে খেলবেন? দলে আর কোন স্পেশালিষ্ট স্পিনার কিংবা স্পিনিং অলরাউন্ডারও নেই। কথায় বোঝা গেলো, টাইগার কোচ শামীম পাটোয়ারীকেই স্পিনিং অলরাউন্ডার ধরছেন। এই তরুণের বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনার কথাও জানিয়ে দিয়েছেন টাইগার কোচ।

তিনি বলেছেন, ‘সাকিবের জায়গায় হয়তো একজন পার্টটাইম বোলারকে খেলানো হতে পারে। এতে করে কারও আগামীকাল বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা আছে।’

আর সেই একজন যে শামীম পাটোয়ারী সেটিও বলে দিয়েছেন ডোমিঙ্গো। তার ভাষ্য, ‘মঙ্গলবার সোহান খেলতে পারবে না। তার ব্যাকআপ ব্যাটার শামীম ও সৌম্য একাদশে থাকবে।’

সাকিব এবং মোস্তাফিজ দলের প্রধান দুই বোলিং অস্ত্র। তারা কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে নারাজ ডোমিঙ্গো, ‘সাকিব-মোস্তাফিজ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে চাই, আপনি যখন হারতে থাকবেন, তখন অনেক প্রশ্নই ওঠে। আমি মনে করি না, আমরা এখন তেমন অবস্থায় আছি।’

বিশ্বকাপের শুরুতে সাকিব ও সাইফউদ্দিনসহ ৯ ব্যাটসম্যান নিয়ে খেলছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাইফউদ্দিনের জায়গায় পেসার শরিফুল ইসলামকে খেলানো হয়েছে। ব্যাটিংয়ে গভীরতা ধরে রাখতে এবার ব্যাটসম্যান বাড়াচ্ছেন কোচ ডোমিঙ্গো। সৌম্য ও লিটনের জায়গা ধরে রাখার সুযোগও তাই সেখানে হয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com