বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ওড়িশার দিকে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ-বৃষ্টি

ঘূর্ণিঝড় ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আকাশ মেঘলা রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার উপকূল থেকে অবস্থান করছিল প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘলা রয়েছে। রাজধানীতে সকাল আটটার দিকে বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামী অন্তত দুই দিন দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সব জায়গায় সমান বৃষ্টি হবে, এমন নয়। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বেশির ভাগ জায়গায় হতে পারে হালকা বৃষ্টি।

এই বৃষ্টির পর দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com