বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ডিউবল এ্যাসোসিয়েশন চতুর্থবারের মতো আয়োজন করছে যাচ্ছে জাতীয় প্রতিযোগিতা। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শনিবার ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় ডিউবল প্রতিযোগিতা (নারী ও পুরুষ)।’ দুই বিভাগে মোট ১২টি দলের অংশগ্রহণে পল্টনস্থ শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতার বুধবার ২৬ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও বাংলাদেশ ডিউবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিবে। পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ জেল, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি, ডিউবল ট্রেনিং সেন্টার ও সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব।

আর নারী বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি, ডিউবল ট্রেনিং সেন্টার, রাজধানী স্পোর্টিং ক্লাব, ফিরোজ স্মৃতি সংসদ ও সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দলের সবাইকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘এ নিয়ে চতুর্থবারের মতো আমরা ওয়ালটন পরিবার ডিউবলের সঙ্গে সম্পৃক্ত হলাম। বাংলাদেশের অন্যতম নতুন খেলা ডিউবল। থ্রোবল, পেসাপালো, বেসবল ও সফটবল খেলাও এক সময় নতুন ছিল। সেগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করছে। নতুন খেলা হিসেবে ডিউবলকে এগিয়ে নিতেই এর সঙ্গে আমরা যুক্ত হয়েছি।’