বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : জাতীয় দলের ক্রিকেটাররা এতটাই ব্যস্ত থাকেন যে তাদের নিয়ে আসলে ঘরোয়া ক্রিকেট আয়োজনের হিসেব করলে চলবেনা। তাদের জাতীয় দলের খেলায় মনোযোগ দিতে হবে। আর তা করতে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন না।
এবার যেমন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে লিস্ট এ মানে সাদা বলের লড়াই হবে বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল)। আর এই আসরে জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের পাওয়া যাবে না।
যখন পাকিস্তানের বিপক্ষে ৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট চলবে, তখন ৭ ডিসেম্বর থেকে শুরু হবে বিসিএল। স্বাভাবিকভাবেই টেস্ট খেলা ক্রিকেটাররা বিসিএলে খেলতে পারবেন না।
সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর যেমন এ নিয়ে বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড় পেতে গেলে তো বাংলাদেশে কোনো খেলাই হবে না। জাতীয় দলের যে ব্যস্ত সূচি, তাদের ঘরোয়া ক্রিকেটে পাওয়ার কথা চিন্তা করলে হবে না।’
ওয়ানডে ফরমেটে এবার বিসিএল হওয়া নিয়ে সুজন জানান, ‘বিসিএল ওয়ানডে ফরম্যাটে আয়োজনের কথা আমরা চিন্তা করছি। যেহেতু প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা নেই। দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করার মত সময়ও নেই। সামনে আবার বিপিএল আছে। সূচি ঠাসা হয়ে গেছে। তাই ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হতে পারে।’
বিপিএলের কথা উঠতেই সুজন বলেন, ‘বিপিএলকে এদিক থেকে এগিয়ে রাখি, কারণ টি-টোয়েন্টিতে উন্নতি প্রয়োজন। প্রিমিয়ার লিগের মাধ্যমে ওয়ানডে খেলার সুযোগ পায়। কিন্তু টেস্ট দলের এখন এত ঠাসা সূচি, বিসিএলে ওদের রাখা একটু কঠিন। ওদের ছাড়া টুর্নামেন্ট না করলে আবার বাইরের এতগুলো ছেলে বঞ্চিত হবে। এটাও তো ঠিক না। এখান থেকেই নতুন খেলোয়াড় উঠে আসবে।’