রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বিশ্বকাপের জন্য বাংলাদেশের নারী দল ঘোষণা

বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহারণ। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ রোববার ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।

আগামী ২৫ মে বাংলাদেশ থেকে রওনা দেবে নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবেন জ্যোতিরা। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরাশক্তিদের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা।

পরবর্তী ম্যাচগুলোতে ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শক্তিশালী এই প্রতিপক্ষদের বিপক্ষে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে টাইগ্রেসদের।

গ্রুপ পর্বের লড়াই শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com