মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ডেস্ক : ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধর্ম। মুসলমানদের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম মাধ্যম সালাম। এটি শুধু সৌজন্য বিনিময় নয়; বরং এক মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের প্রার্থনা। তবে বিশেষ কিছু ব্যক্তি ও পরিস্থিতিতে সালাম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে ইসলামে।
সালামের বিধান
ইসলামে সালামের তিনটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে।
১. সালাম দেওয়া সুন্নত: এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন কোরো।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৪)
২. সালামের উত্তর দেওয়া ওয়াজিব: আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যখন অভিবাদন করা হয়, তখন তোমরাও তার থেকে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তারই অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।’ (সুরা নিসা, আয়াত : ৮৬)
৩. উত্তম জবাব দেওয়া মুস্তাহাব: কেউ ‘আসসালামু আলাইকুম’ বললে উত্তরে ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ’ বলা উত্তম। (বাহরুর রায়িক)
যাদের সালাম দেওয়া অনুচিত
১. অমুসলিমদের প্রথমে সালাম দেওয়া: সাধারণ অবস্থায় ইহুদি ও খ্রিস্টানদের প্রথমে ইসলামী পদ্ধতিতে সালাম দিতে নিষেধ করেছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেন, ‘তোমরা ইহুদি ও খ্রিস্টানদের প্রথমে সালাম দেবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২১৬৭)
তবে বিশেষ প্রয়োজন বা কল্যাণের উদ্দেশ্যে ফকিহদের মতে কিছু ক্ষেত্রে অবকাশ রয়েছে। অমুসলিম সালাম দিলে উত্তরে ‘ওয়া আলাইকা’ বলা যায়। (দুররুল মুখতার : ৬/৪১২)
২. প্রকাশ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তি: যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে এবং তা নিয়ে নির্লজ্জ, তাকে সালাম দেওয়া মাকরুহ। এর উদ্দেশ্য পাপাচারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা এবং তাকে সংশোধনে উৎসাহিত করা। তবে গোপনে পাপ করে এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষিদ্ধ নয়। (রদ্দুল মুহতার : ৬/৪১৫)
৩. নামাজরত ব্যক্তি: নামাজে ব্যস্ত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কারণ তিনি নামাজের কারণে সালামের উত্তর দিতে পারেন না। একইভাবে কোরআন তিলাওয়াতকারী ও বিচারকার্যে ব্যস্ত ব্যক্তিকেও সালাম দেওয়া অনুচিত। (তাবয়িনুল হাকায়িক : ১/১৫৭)
৪. খাবার গ্রহণে ব্যস্ত ব্যক্তি: মুখে খাবারের লোকমা নিয়ে চিবোচ্ছেন, এমন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। তবে খাবার শুরু করার আগে বা শেষ করার পর সালাম দিতে বাধা নেই। (রদ্দুল মুহতার : ১/৬১৭)
৫. ইবাদতে মগ্ন ব্যক্তি: কোরআন তিলাওয়াত, আজান, ইকামত, জুমার খুতবা প্রদান বা শ্রবণ এবং জিকিরে মগ্ন ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত। এতে তাঁদের মনোযোগ বিঘ্নিত হতে পারে। (আল-বিনায়া শরহুল হিদায়া : ২/৪৪২)
৬. দ্বিনি ইলম ও আলোচনায় ব্যস্ত ব্যক্তি: ধর্মীয় জ্ঞানচর্চা, ফিকহি আলোচনা ও গুরুত্বপূর্ণ দ্বিনি কাজে মগ্ন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। ফাতাওয়ায়ে আলমগিরিতে কোরআন তিলাওয়াত, ইলমের আলোচনা, আজান ও ইকামতের সময় সালাম দেওয়াকে মাকরুহ বলা হয়েছে। (ফাতাওয়ায়ে আলমগিরি : ৫/৩২৫)
৭. মন্দ ও অনর্থক কাজে নিয়োজিত ব্যক্তি: যারা মিথ্যাচার, অশ্লীলতা, জুয়া, গালাগাল, পরনারীর প্রতি কুদৃষ্টি ও প্রকাশ্য পাপাচারে লিপ্ত, তাদের তাওবা প্রমাণিত না হওয়া পর্যন্ত সালাম দেওয়া উচিত নয়। (রদ্দুল মুহতার : ৬/৪১৫)
মিশ্র সমাবেশে সালামের বিধান
কোনো সমাবেশে মুসলমান, অমুসলিম, পুণ্যবান ও পাপাচারী ব্যক্তিরা একসঙ্গে উপস্থিত থাকলে সালাম দেওয়া নিষিদ্ধ নয়। তবে সালামের নিয়ত মুসলমান ও নেককার ব্যক্তিদের উদ্দেশ্যে হওয়া উচিত।
উসামা বিন জায়েদ (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) এমন একটি সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেন, যেখানে মুসলমান, মুশরিক ও ইহুদিরা উপস্থিত ছিল। (সহিহ বুখারি, হাদিস : ৬২৫৪)
ইসলামে সালাম ভালোবাসা, সম্প্রীতি ও শান্তির বার্তা বহন করে। তাই কোথায়, কাকে এবং কোন পরিস্থিতিতে সালাম দেওয়া উচিত সে বিষয়ে শরিয়তের নির্দেশনা জানা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক জ্ঞান ও তা অনুসরণের তাওফিক দান করুন। আমিন।
সূত্র: সহিহ বুখারি, সহিহ মুসলিম, ফাতাওয়ায়ে আলমগিরি, রদ্দুল মুহতারসহ ইসলামী গ্রন্থ।