মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।। প্রতিদিন যে বেঞ্চে বসে ক্লাস করে, এবার সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী উম্মে তালহা তাবাস্সুম কবির। শুধু চেয়ারে বসাই নয়, আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাস্সুম কবির এক দিনের জন্য পালন করেছে পুরো বিদ্যালয় পরিচালনার প্রতীকী দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ উদ্যোগের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম। পরে তিনি প্রতীকী প্রধান শিক্ষক উম্মে তালহার হাতে এক দিনের দায়িত্ব পালনের নিয়োগপত্র তুলে দেন। শিক্ষা কর্মকর্তার এই অনুমোদন ও সরাসরি উপস্থিতি বিদ্যালয়ের আয়োজনটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে।
প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় কাটে ক্ষুদে প্রধান শিক্ষক তালহার। সকালে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর পরই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করে সে। এ সময় দিনের কর্মসূচি এবং পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেয় প্রতীকী প্রধান শিক্ষক তালহা। সেখানে সে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসের তাৎপর্য, মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরে। পাশাপাশি বিদ্যালয়ে একটি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানায় এবং প্রকৃত প্রধান শিক্ষকের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করে।
পরে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, করিডর, খেলার মাঠ ও পানির স্থানগুলো পরিদর্শন করে তালহা। নির্ধারিত স্থানে ময়লা ফেলা, ডাস্টবিন ব্যবহার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সে শিক্ষার্থীদের সচেতন করে। বিদ্যালয়কে আরও সুন্দর রাখতে প্রয়োজনীয় কিছু বিষয়ও সে নোট করে রাখে।
এরপর সকাল ১১ টায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের পড়াশোনার অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনে। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মতামত ও প্রস্তাবনাগুলো সে লিখে রাখে।
দুপুর পৌনে একটায় দিনের শেষ পর্যায়ে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা বিদ্যালয়ের প্রকৃত প্রধান শিক্ষকের কাছে উপস্থাপন করে তালহা। তার দেওয়া প্রস্তাবগুলোর মধ্য থেকে বাস্তবায়নযোগ্য একটি বিষয় বিবেচনার জন্যও নেওয়া হয়। সবশেষে তাকে সম্মাননা সনদ প্রদান করা হয় এবং স্মৃতিচারণমূলক ছবি তোলা হয়।

এক দিনের জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত উম্মে তালহা তাবাস্সুম কবির। সে অনুভূতি প্রকাশ করে বলে, এক দিনের জন্য হলেও প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের একটি বড় অভিজ্ঞতা। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে সাহায্য করবে।
বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করালেই চলবে না, তাদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও তৈরি করতে হবে। প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনার বাস্তব অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি, যা তাকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
এ বিষয়ে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের এই প্রতীকী প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগটি কোমলমতি শিক্ষার্থীদের সেই স্বপ্ন দেখতে ও যোগ্যতা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ বাড়াতে দারুণ সহায়ক। পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা বড় হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউসসংলগ্ন মিশন মোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে তাদের এই ব্যতিক্রমী প্রয়াস শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।