মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাদাপুর গ্রামে পরম আধ্যাত্মিক সাধক মোন্তাজ চাঁন চিশতিয়া (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র এই ওরস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ নেতা শিশু বন্ধু মোঃ রুবেল তালুকদার।
ওরস মোবারক উপলক্ষে সাদাপুর গ্রামের মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা মোমবাতি, রঙিন পতাকা এবং আলোকসজ্জায় এক ধর্মীয় ও আধ্যাত্মিক আমেজে সেজে ওঠে। স্থানীয় ভক্ত-আশেকান ছাড়াও দূর-দূরান্ত থেকে বহু পীর-ভক্ত ও সাধারণ মানুষ এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং মোন্তাজ চাঁন চিশতিয়া (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি রুবেল তালুকদার বলেন, “আউলিয়া ও সাধক পুরুষরা যুগে যুগে সমাজে শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা প্রচার করে গেছেন। মোন্তাজ চাঁন চিশতিয়া (রহ.)-এর জীবনদর্শন আমাদের সবসময় সত্য ও সুন্দরের পথে চলতে অনুপ্রেরণা জোগায়। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আধ্যাত্মিক আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, বান্দুরা ইউনিয়নবাসীর সেবায় তিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চান। এলাকাবাসীর দোয়া ও সমর্থনে তিনি এলাকার অবহেলিত উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে নিতে এবং একটি মাদকমুক্ত, শান্তিচুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।