সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নিজস্ব প্রতিবেদক : পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঝুঁকি কমাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে ছাপানোর ব্যবস্থা করা হবে। এ ছাড়া প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা পরিচালনার প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের অপচেষ্টা যে হয়নি, তা নয়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন ধাপে পরিবর্তন আনার কাজ চলছে। এর অংশ হিসেবে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র মুদ্রণের ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়ের চাহিদা অনুযায়ী ঢেলে সাজানো প্রয়োজন। ইতোমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। কেবল অবকাঠামো উন্নয়ন দিয়ে একটি দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাই যোগ্য নাগরিক তৈরিতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। একই অভিজ্ঞতা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে হাত তুলেছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান তৈরি করতে হলে শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে মৌলিক জ্ঞান ও প্রকৃত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশে মানসম্মত ও অর্থবহ শিক্ষা নিশ্চিত করা জরুরি।
শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি জানান, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। তাই নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।