সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

লালমনিরহাট প্রতিনিধি : শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরের হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে সে বিদ্যালয়ের প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন দিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। তাঁর সরাসরি উপস্থিতিতে নিয়োগপত্র হস্তান্তরের মধ্য দিয়ে উদ্যোগটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
নির্ধারিত দিনে উম্মে তালহা পূর্ণ এক দিন প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে। এ সময় বিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ, দাপ্তরিক কার্যক্রম এবং শিক্ষা পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে সে।

লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউসসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এক দিনের জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে উম্মে তালহা তাবাচ্ছুম কবির বলে, এক দিনের জন্য হলেও প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি ও অভিজ্ঞতা। নির্ধারিত দিনে বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সার্বিক সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে অনুপ্রাণিত করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের এ প্রতীকী প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং নিজেদের যোগ্যতা বিকাশে সহায়তা করবে। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এ আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com