সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মজলুম মানুষের অধিকার আদায়ে ভাসানী ছিলেন আপসহীন কণ্ঠস্বর: রিজভী

মজলুম মানুষের অধিকার আদায়ে ভাসানী ছিলেন আপসহীন কণ্ঠস্বর: রিজভী রুহুল কবীর রিজভী

একুশের কন্ঠ ডেস্ক : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী শোষণ, নির্যাতন ও বৈষম্যের শিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সোচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

তিনি বলেছেন, যুগের পর যুগ শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানীর জীবন ও আদর্শ মানুষকে অনুপ্রাণিত করবে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রুহুল কবীর রিজভী। এ সময় তিনি ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাণীতে রিজভী উল্লেখ করেন, আফ্রিকা-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নেও মওলানা ভাসানী ছিলেন অত্যন্ত সোচ্চার। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে তাঁর ভূমিকা ছিল বলিষ্ঠ। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদী অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধারাবাহিক আগ্রাসন চলছে। এমন পরিস্থিতিতে মওলানা ভাসানীর দেখানো আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করা জরুরি। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্যও প্রেরণার উৎস হয়ে থাকবে।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মওলানা ভাসানীর আদর্শ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তাঁর মতে, ভাসানীর দেশপ্রেম ও সংগ্রামী জীবন জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাণীর শেষাংশে রিজভী মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com