সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন জীবিকার তাগিদে ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে কাজে নিয়োজিত ছিল। একপর্যায়ে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে সে ভারসাম্য হারিয়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন।
অল্প বয়সে আলামিনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনায় কিশোর শ্রমিক আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।