সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
সোমবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অনুমোদিত মোট হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে।
বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।