মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ফ্রান্সের শত শত সুপারশপের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ডিসেম্বরের ১৪ তারিখে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা করছে ফ্রান্স।
সোমবার ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে তিনি ইউরোপীয় দেশগুলোর কাছে প্রমাণ তুলে ধরেছেন। এ উদ্যোগে ইইউর অধিকাংশ সদস্যদেশের সমর্থনও পেয়েছেন বলে জানান তিনি।
গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা হয়। এতে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়। ফলে পচনশীল অনেক খাবার নষ্ট হয়ে যায় এবং সেগুলো ফেলে দিতে বাধ্য হন দোকানিরা। সুপারশপ চেইন ইন্টারমার্শে জানিয়েছে, এক দিনেই তাদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি ইউরো।
গত সপ্তাহে ফ্রান্স এ হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করে। ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, দেশটির মাটিতে এ ধরনের বড় পরিসরের সাইবার নাশকতার ঘটনা এটাই প্রথম। এর জবাবে দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞার পাশাপাশি প্রয়োজনীয় অন্য ব্যবস্থাও নেওয়ার হুঁশিয়ারি দেন বারো।
তবে তেহরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। নভেম্বরের শুরুতে ইউরোপের অন্তত ১১টি দেশেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল