মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের প্রয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাবটির বিরোধিতা করে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতার উল্লেখযোগ্য প্রমাণ নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের শাস্তির কোনো স্থান থাকা উচিত নয় বলেও মনে করে জাতিসংঘ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com