মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা, নতুন চমকের ইঙ্গিত!

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা, নতুন চমকের ইঙ্গিত! ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কভি গম’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক রহস্যময় ভিডিওতে দেখা গেছে সিনেমাটির জনপ্রিয় দুই চরিত্র ‘পু’ ও ‘রোহান’ অর্থাৎ কারিনা কাপুর খান ও হৃতিক রোশনকে।

‘ইউ আর মাই সোনিয়া’ গানের আবহে তৈরি ভিডিওতে কারিনাকে দেখা যায় তার জনপ্রিয় ‘পু’ চরিত্রের সাজে। অন্যদিকে কালো জ্যাকেটে হাজির হন হৃতিক। ভিডিওর শেষে ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি দেখানো হয়।

ভিডিওর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‌‌’কুছ কাহানিয়া’ ২৫ সাল বাদ ভি খতম নেহি হোতি অর্থাৎ, কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না। তার এই বার্তায় ভক্তদের ধারণা, সিনেমাটিকে ঘিরে বিশেষ কোনো আয়োজন বা নতুন ঘোষণা আসতে পারে।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কভি গম’ পরিচালনা করেছিলেন করণ জোহর। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। পারিবারিক সম্পর্ক, আবেগ, গান ও তারকাদের অভিনয়ে সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

করণের পোস্টে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলেও কেউ কেউ বিজ্ঞাপনের আশঙ্কা করছেন। কারণ, ভিডিওর সঙ্গে একটি অনলাইন আবাসন ও বাড়িভাড়ার মার্কেটপ্লেসকে ট্যাগ করা হয়েছে। তবে এটি বিজ্ঞাপন, নাকি নতুন কোনো আয়োজন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সব মিলিয়ে ২৫ বছর পর কারিনা ও হৃতিককে একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা। ১৯ নভেম্বরই জানা যাবে, তাদের জন্য কী চমক অপেক্ষা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com