বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডসের সঙ্গে রুয়ান্ডার একটি সমঝোতা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর শুরু হতে পারে। তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ উদ্যোগের ফলে ঝুঁকিপূর্ণ অভিবাসীরা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।
সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে রুয়ান্ডার কর্মকর্তারা এ পরিকল্পনার ঘোষণা দেন।
পরিকল্পনার আওতায় রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ইউরোপে বসবাসের বৈধ অধিকার হারানো এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের সেখানে পাঠানো হবে। তারা রুয়ান্ডায় বসবাসের সুযোগ পাবেন। পাশাপাশি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া কিংবা বৈধভাবে প্রবেশের সুযোগ রয়েছে এমন অন্য কোনো দেশে যাওয়ার বিকল্পও থাকবে।
অভিবাসীদের আবাসন ও স্থানান্তরের যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট পাঁচটি দেশ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। একই সঙ্গে কতসংখ্যক অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিঙ্ক জানিয়েছেন, বিপুলসংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সহযোগিতার কারণে রুয়ান্ডাকে এ উদ্যোগের জন্য বেছে নেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালে যুক্তরাজ্যও একই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে ২০২৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে জানান, রুয়ান্ডায় পাঠানো আশ্রয়প্রার্থীদের এমন কোনো দেশে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে, যেখানে তারা নির্যাতনের শিকার হতে পারেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে যুক্তরাজ্যের নতুন সরকার ওই পরিকল্পনা বাতিল করে। প্রকল্পটি বাস্তবায়নে লন্ডন প্রায় ২৯ কোটি পাউন্ড ব্যয় করলেও মাত্র চারজন স্বেচ্ছায় রুয়ান্ডায় গিয়েছিলেন।
নতুন এ পরিকল্পনার সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতে, অভিবাসীদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের ফলে তাদের নির্বিচারে আটক, দুর্ব্যবহার এবং অমানবিক জীবনযাপনের ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অতীতে এ ধরনের উদ্যোগ বেআইনি, অকার্যকর ও ব্যয়বহুল হিসেবে প্রমাণিত হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর আরও অভিযোগ, রুয়ান্ডায় রাজনৈতিক বিরোধীদের দমন, নাগরিক অধিকার সংকুচিত করা এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের ঘটনা রয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে স্থানান্তরিত আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা ও মানবাধিকার কতটা নিশ্চিত করা সম্ভব হবে, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।