মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : ঘোষণা আনুষ্ঠানিকভাবে যেদিনই দেওয়া হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন নির্ধারিত বেতন কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দ আজাদ সুবহানী বলেন, প্রচলিত আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় থাকে। তবে পোশাক খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করছে বোর্ড। দেশের স্থিতিশীলতা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার মান ও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রমিক ও মালিক উভয় পক্ষের অবস্থান এবং বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন মজুরি নির্ধারণ করা হবে।
তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে বলেও স্বীকার করেন বোর্ডের চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সভা স্থগিতের পেছনে অন্য কোনো কারণ কিংবা চাপ নেই।