সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি ॥ কারাতে খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মরক্ষার কৌশল আরও শাণিত করতে রাজশাহীতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সোতোকান স্টাইলের কারাতে বেল্ট পরীক্ষা সামনে রেখে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি উপ-কমিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্প। পরীক্ষার্থীদের প্রস্তুতি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের কারাতে কৌশল, শারীরিক সক্ষমতা, নিয়মানুবর্তিতা ও বেল্ট পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, শুধু বেল্ট অর্জন নয়, একজন দক্ষ ও দায়িত্বশীল কারাতে খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তোলার ক্ষেত্রেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কোচ, AKF-এর জাজ ও কোচ এবং রাজশাহী বিভাগীয় উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন। তিনি ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান। তাঁকে সহযোগিতা করেন কমিশনের সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষার, যিনি ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-রেফারি কমিশনের নির্বাহী সদস্য মো. ফরমান আলী, মো. শহিদুল ইসলাম, মো. মশিউর রহমান মানিক, মো. আকবর হোসেন টিয়া ও তন্ময় ঘোষ সুজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কারাতে সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্প নতুন ও পুরোনো খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ ও মানসম্মত বেল্ট পরীক্ষার মাধ্যমে রাজশাহী অঞ্চলে কারাতে চর্চার পরিধি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা তাঁদের।
বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এমন আয়োজন রাজশাহীতে কারাতে প্রশিক্ষণের মানোন্নয়ন এবং নতুন প্রজন্মকে আত্মরক্ষার কৌশলে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।