সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : ভিয়েতনামে অনুষ্ঠিত ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় ১৪টি দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত আসরে ১২তম স্থানে থাকা বাংলাদেশ এবার ছয় ধাপ এগিয়ে নিজেদের অবস্থানের উন্নতি করেছে।
শনিবার (১৪ নভেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে হেরে যান। দ্বিতীয় এককে জারিফ আবরার ৪-৬, ৪-৬ গেমে পরাজিত হন আথিত ক্যাসিনিসের কাছে। তবে দ্বৈত ম্যাচে লাওস অংশ না নেওয়ায় ওয়াকওভার পায় বাংলাদেশ।
প্রতিযোগিতার শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনে নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়ায় দলটি। ওই দিন আসরের শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয় তুলে নেন। ডেভিস কাপ নেশনস র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম এবং বাংলাদেশের ১৪৮তম।
বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন। দলের অন্য সদস্যরা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। জাতীয় সংস্থার প্রতিনিধি হিসেবে দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. শাফিন আহমেদ।
প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে জাতীয় টেনিস কমপ্লেক্সে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন চীন থেকে আগত কোচ সুকুমার রায়।