সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেই প্রশ্নে আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আন্তর্জাতিক বিচারব্যবস্থায় বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান ও সহিংসতার পর প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ওই ঘটনার বিচার চেয়ে ২০১৯ সালে আইসিজেতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। অভিযোগে বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে।
মামলাটির বিচারিক কার্যক্রমে দীর্ঘ সময় ধরে অভিযোগ, পাল্টা বক্তব্য, সাক্ষ্য ও বিভিন্ন নথি পর্যালোচনা করেছেন আদালতের বিচারকেরা। প্রায় সাত বছরের বিচারিক প্রক্রিয়ার পর এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের ঘটনা নয়, বরং কোনো জাতিগত, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গাদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য, ২০১৭ সালের অভিযানে গ্রামে গ্রামে হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনাগুলো গণহত্যার অভিযোগ মূল্যায়নে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।
এ মামলার শুনানিতে বাংলাদেশে আশ্রিত কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষ্যও গ্রহণ করেছে আদালত। গত জানুয়ারিতে অনুষ্ঠিত রুদ্ধদ্বার শুনানিতে তাঁদের অভিজ্ঞতায় উঠে আসে হত্যাকাণ্ড, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের মতো ভয়াবহ ঘটনার বিবরণ।
অন্যদিকে, মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে পরিচালিত সামরিক অভিযান ছিল বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা কার্যক্রম।
বিশ্লেষকদের কাছে আইসিজের এই সিদ্ধান্তের গুরুত্ব শুধু মিয়ানমার-রোহিঙ্গা সংকটের মধ্যে সীমাবদ্ধ নয়। গণহত্যা সনদের ব্যাখ্যা ও আন্তর্জাতিক বিচারিক দৃষ্টান্ত হিসেবে এর প্রভাব ভবিষ্যতের অন্যান্য মামলাতেও আলোচিত হতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা পৃথক গণহত্যা মামলার প্রেক্ষাপটেও রায়টি গুরুত্ব পেতে পারে।
বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। অন্যদিকে মিয়ানমারের ভেতরেও উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা রয়ে গেছেন। দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতার মধ্যে তাঁদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ অব্যাহত রয়েছে।