সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ নিউজ ডেস্ক : এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর শেষের দিকে বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। এই কর্মীদের মধ্যে এক হাজার জন থাকবেন জুলাই যোদ্ধা। তাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার।
তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে যাওয়ার জন্য কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে আগামীকাল সোমবার মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে কোনো খরচ ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।