সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ডেস্ক : আগামী মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নে সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না। হয়ে থাকলে সেই লক্ষ্যমাত্রা এবং সংগ্রহমূল্য কত?
জবাবে খাদ্যমন্ত্রী জানান, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সারা দেশে ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে ধানের উৎপাদন পরিস্থিতি এবং চালের পাক্ষিক ছাঁটাই সক্ষমতা বিবেচনায় নিয়ে অল্প সময়ের মধ্যেই গোপালগঞ্জ জেলার জন্য ধান ও চাল সংগ্রহের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে।