রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

ছবি: সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের নামও এবার যুক্ত হলো। বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্বসংগীতের বড় বড় তারকাদের সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতির খবর প্রকাশের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে এবার ব্যতিক্রমী আয়োজন করেছে ফিফা। স্বাগতিক তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদাভাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বৈশ্বিক মঞ্চ তৈরি করতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা টাইলা।

এরপর ১২ জুন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানেই পারফর্ম করবেন কানাডিয়ান সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। একই আয়োজনে থাকবেন বলিউড সেনসেশন নোরা ফাতেহিও।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা এবং টাইলা।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মতে, বিশ্বকাপ শুধু ফুটবলের আসর নয়, এটি বিশ্ববাসীর সম্মিলিত উদযাপন। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানগুলো সংগীত ও সংস্কৃতির এক অনন্য বৈশ্বিক মিলনমেলায় পরিণত হবে।

এদিকে বিশ্বকাপ ঘিরে সংগীত উন্মাদনাও শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহেই কলম্বিয়ান পপ তারকা শাকিরা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এর একটি ঝলক প্রকাশ করেছেন। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া গানটি এবারের আসরের মূল সুর হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ফিফা।

মোট ১০৪ ম্যাচের এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনা। আর সেই মহাযজ্ঞের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের একজন শিল্পীর উপস্থিতি দেশীয় সংগীতপ্রেমীদের জন্য বাড়তি গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com