শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি:: বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর ও বের করে দেয়ার অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের মারপিঠ করা হচ্ছে। তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে।’
এ সময় তিনি ২২, ২৫, ৩০, ৩১ ও ৩২ নংসহ অন্তত ৩০টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের করে দেয়ার কথা জানান। এর মধ্যে ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রার্থীর এলাকা বলেও জানান মঞ্জু।
তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে বিএনপির এই প্রার্থী বলেন, ‘কেবল শুরু। আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না। শেষ পর্যন্ত দেখব।’
তিনি আরও বলেন, ‘কোনো কেন্দ্রেই ভোটাররা শঙ্কামুক্ত নন। আমার এজেন্ট ও লোকজনও নিরাপত্তাহীনতায় রয়েছেন।’
এর আাগে সকাল আটটায় খুলনা সিটি নিবাচনের ভোট শুরু হয়। একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
খুলনা সিটিতে ৩১টি সাধারণ ওয়ার্ড ও দশটি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ২৮৯টি ও মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৫৬১টি।
মোট ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন পুরুষ এবং ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন নারী।
মেয়রপদে প্রার্থী পাঁচজন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলনের মাওলানা মুজ্জাম্মিল হক ও সিপিবির মিজানুর রহমান বাবু। তবে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যেই হচ্ছে মূল লড়াই।
এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ জনসহ মোট ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।